Madhyamik Exam 2025 Routine Changed: ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে চলতি বছরের মাধ্যমিক। ১৬ই ফেব্রুয়ারি থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অন্যান্যবারে মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করা হয় মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন (Madhyamik Exam 2025 Routine Changed)। তবে এ বছর দেখা দিয়েছে ফারাক। আসছে বছর মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করে দেওয়া হয়েছে আগেই। চলতি সপ্তাহের সোমবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন ২০২৫ এর মাধ্যমিকের রুটিন।
Madhyamik Exam 2025 Routine Changed
রুটিন সামনে আসার পর থেকেই চলছে নানা রকম জল্পনা। অনেকেই মনে করছেন এই রুটিন হয়তো প্রযোজ্য থাকবে না। কারণ পরের বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে ১৪ই ফেব্রুয়ারি থেকে। ১৪ই ফেব্রুয়ারি পঞ্চানন বর্মার জন্মদিন হিসেবে রাজ্য সরকার ছুটি ঘোষণা করে থাকেন। এছাড়াও পরের বছর এই দিন পড়েছে শবেবরাত।
খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ছুটির দিনে কীভাবে পরীক্ষা হতে পারে! যদিও এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মধ্যশিক্ষা পরষদের আধিকারিকরা। অন্যদিকে শিক্ষক মহলের একাংশের দাবি শিক্ষামন্ত্রী এটি নিশ্চিত সময়সূচি ঘোষণা করেননি। তিনি শুধুমাত্র কাজ এগোনোর জন্য একটি সম্ভাব্য সময়সূচী ঘোষণা করেছেন। যার ওপর ভিত্তি করে রুটিন পাল্টানো যেতেই পারে। অনেকেই মনে করছেন, যতদিন না কোনও নতুন খবর আসছে ততদিন এই রুটিন মেনেই পরের বছরের যাবতীয় কাজকর্ম শুরু করা যেতেই পারে। আবার অনেকের মতে, এক্ষেত্রে পড়ুয়াদের মধ্যে নানা রকম বিভ্রান্তি তৈরি হতে পারে।
এই বিষয়টি নিয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, ‘২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী। ভালো করে পর্যালোচনা না করেই এই রুটিন ঘোষণা করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী এবং সবেবরাত। কীভাবে ওই দিন পরীক্ষার সূচি ঘোষণা করা হল, তা জানি না। কোনও চিন্তাভাবনা না করেই এই ধরনের ঘোষণার মাধ্যমে সার্বিকভাবে শিক্ষাব্যবস্থাকে হাস্যকর করে তোলা হয়েছে। এই রুটিন পরিবর্তন করা হোক।’